দুই-তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে: আসিফ মাহমুদ

 

দুই-তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে: আসিফ মাহমুদ

দুই থেকে তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আজ ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন,  ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপি) স্তরে ২০ শতাংশ দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ ক্ষেত্রে যাঁরা স্টেকহোল্ডার আছেন, তাঁদের সহযোগিতা প্রয়োজন।

শিক্ষা খাতে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ অনেক এগিয়েছে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর পাশাপাশি অন্যান্য খাতে, বিশেষ করে কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করা যায়, সেদিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাজগুলোকে আরও সহজলভ্য করার জন্য ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান এ উপদেষ্টা।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বাংলাদেশের মানুষকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘ইন্টারনেট থেকে কাউকে বিচ্ছিন্ন করা মানে কারও জীবন ঝুঁকিতে ফেলা। আপনারা দেখেছেন, জুলাই অভ্যুত্থানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, এ দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটি পৃথিবী থেকে এবং আমাদের থেকেও গোপন করা হয়েছে। যখন আবার ইন্টারনেট এসেছে, তখন সে চিত্রগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি।’

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে নারীদের সুরক্ষার বিষয়ে একটি সুন্দর সাইবার স্পেস তৈরিতে কাজ করবে বলে আশাপ্রকাশ করেন আসিফ মাহমুদ।

আলোচনা সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব  বলেন, ‘যাঁরা ইন্টারনেটের বাইরে আছেন, তাঁদের যদি ইন্টারনেটের ভেতরে আনা যায় এবং একই সঙ্গে যাঁরা ডিজিটাল ডিভাইস ব্যবহারের বাইরে আছেন, তাঁদের যদি ডিজিটাল ডিভাইসে যুক্ত করা যায়, তাহলে এটি জীবনযাপনের মানোন্নয়নে একই সঙ্গে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত নীতিমালায় নারী-পুরুষ সবার অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সকালে রান্না করা খাবার দুপুরেই নষ্ট হয়? মেনে চলুন এই ৩ টিপস

 

সকালে রান্না করা খাবার দুপুরেই নষ্ট হয়? মেনে চলুন এই ৩ টিপস
গরমে এমনিতেই খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। মুখে কোনো খাবারের স্বাদই যেন ভালো লাগে না। কিন্তু এর চেয়েও বড় সমস্যা হচ্ছে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। সকালের রান্না করা খাবার দুপুর হতে না হতেই পচে যাচ্ছে। এতে যেমন খাবার নষ্ট হচ্ছে, তেমনি খেতে বসে মেজাজ বিগড়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। চলুন জেনে নিই —

খাবার বেশিক্ষণ ফেলে রাখবেন না

তাজা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। গ্রীষ্মকালে রান্না করা খাবার বেশিক্ষণ ফেলে রাখা যায় না। এতে খাবার খারাপ হয়ে যাবেই। তাই রান্না করার দুই ঘণ্টার মধ্যেই খাবারটি খেয়ে নিন। বেশি রান্না করবেন না। যতটা খাবেন, ততটাই রান্না করুন। এতে অতিরিক্ত খাবার নষ্টও এড়াতে পারবেন।

খাবার ফ্রিজে রাখুন

রান্না করার পর খাবারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর পর খাবারটি ফ্রিজে রেখে দিন। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে পুনরায় ভালো করে গরম করে খান। এ ছাড়া রান্না করা খাবার পাখার তলায় বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখতে পারেন। তবে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব খাবারটি খেয়ে নেওয়ার।

সঠিক পাত্র ব্যবহার করুন

রান্না করার পর খাবার কাচের বাসনে রাখুন। স্টিল বা প্লাস্টিকের পাত্রে খাবার রাখলে এই গরমে দ্রুত পচে যেতে পারে। পাশাপাশি যে পাত্রে খাবার রাখবেন, সেটি ভালো করে ধুয়ে নিন। এ ছাড়া খাবারটি চামচ বা হাত দিয়ে বারবার ঘাঁটবেন না। বেশি নাড়ালে খাবারে পচন ধরবে।

একনজরে বিশ্বের আলোচিত সব খবর |

 




See More (1080)

See More(720)

See More (480)

অভিযানে ভেঙে ফেলা রিকশার চালকরা পেলেন নগদ টাকা-চাকরির আশ্বাস

 

অভিযানে ভেঙে ফেলা রিকশার চালকরা পেলেন নগদ টাকা-চাকরির আশ্বাস
রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা তাৎক্ষণিক ভেঙে দেওয়া হয়।

 গণমাধ্যমে রিকশা চালকের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ ওই তিন রিকশা চালকদের সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) ডিএনসিসির প্রশাসকের কার্যালয় ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে দেড় ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশা চালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।

ক্ষতিগ্রস্ত রিকশা চালকরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. খলিল, ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার রাসেল মিয়া, বরিশাল বাকেরগঞ্জের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা। 

এসময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশার চালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। 

ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নেই। সরকার ইতোমধ্যে যাত্রী নিরাপত্তা কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি প্রদান করেছে। এসব রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে ব্র্যাক প্রায় একলাখ রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এই মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা সহ ডিএনসিসির কর্মকর্তারা।

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

 

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা শাহরিয়ার আলমকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। 

নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। 

শাহরিয়ার আলম সাম্যকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে শাহরিয়ার মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে অজ্ঞাত সাত আটজন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাফি আরও জানান, শাহরিয়ার ঢাবির শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এফ রহমান হলে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানান- সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছে।

ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা

 

ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা


নতুন অর্থবছরের বাজেটে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না। ধার করে বড় বড় মেগাপ্রকল্প করবো না।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এ পর্যন্ত এরই মধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও আশা করছি। অ্যাটলিস্ট গতবারের তুলনায় কম হবে না।

তিনি বলেন, মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করবো, বিরাট একটা গ্যাপ নিয়ে করবো না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন করবো অত্যন্ত বাস্তবভিত্তিতে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে, ধার করে ডেফিসিট দিয়ে এগুলো করবো না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না। কিছুটা তো ডেফিসিট (ঘাটতি) থাকবে। সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট করছি, আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল।

গতকাল একটি অধ্যাদেশ হয়েছে, যেটার মাধ্যমে ৫৩ বছরের এনবিআর ভেঙে গেলো। বলা হচ্ছে কাস্টম ট্যাক্স ক্যাডারের যারা কর্মকর্তারা তারা লম্বা সময় ধরে আন্দোলন করছিলেন, তাদের মতামত উপেক্ষা করেই এ অধ্যাদেশ করা হলো। বিষয়টি সে রকম? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেন, তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অতএব এনবিআরের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআর থাকবে, এনবিআর যেভাবে আছে কতগুলো টার্মস অব রেফারেন্স হিসেবে।

তিনি বলেন, এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেশন ডিভিশন এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়ে। অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এগুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের কাজ কেবল আদায় করা এটা একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোক দিয়ে আদায় করলাম।

অত্যন্ত চিন্তা করে এটা করা হয়েছে। ওদের সঙ্গে যে আলাপ করিনি তা না, আমার যদি মনে করেন এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাপ করতে হবে, তা না। যারা মেম্বার, সদস্য ডেফিনেটলি তাদের সঙ্গে আলাপ হয়েছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সঙ্গে আলাপ হয়েছে।

২১ মে থেকে অনলাইনে মিলবে রেলের আগাম টিকিট

 

২১ মে থেকে অনলাইনে মিলবে রেলের আগাম টিকিট
তিবারের মতো এবারের ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২১ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, যা সম্পূর্ণভাবে অনলাইনে পাওয়া যাবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে।

ফাহিমুল ইসলাম জানান, ২১ মে মিলবে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট। ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে ও ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।